প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 23, 2026 ইং
আমতলীতে আগুনে পুড়ে উদ্যোক্তার দোকান ছাই: ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক তরুণ উদ্যোক্তার মুদিমাল ও মনোহারি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানের মালামাল ও নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার উত্তর রাওঘা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর রাওঘা গ্রামের রফিক গাজীর ছেলে রাকিব গাজী ২০২৩ সালে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে প্রায় তিন লাখ টাকা ঋণ নিয়ে একটি মুদিমাল ও মনোহারি দোকান চালু করেন। পাশাপাশি তিনি বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসাও করতেন। ওই ব্যবসার আয়ের ওপরই নির্ভর করত তার পরিবারের জীবিকা।
রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে দোকানে আগুন লাগার খবর পান রাকিব গাজী। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এতে দোকানের সব মালামাল ও নগদ প্রায় দুই লাখ টাকা পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত রাকিব গাজী বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। কীভাবে ঋণের টাকা পরিশোধ করবো আর কীভাবে সংসার চালাবো বুঝতে পারছি না। নগদ দুই লাখ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
আমতলী বকুলনেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. কবির হোসেন বলেন, “আগুনে রাকিবের ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছু পুড়ে গেছে। এতে সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি লিখিত আবেদন করলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন