প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 23, 2026 ইং
বেতাগীতে প্যান্ডেল সাজিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উদ্যোগে প্যান্ডেল সাজিয়ে ঘটা করে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজনের অভিযোগ উঠেছে। গত রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্যান্ডেল করে চেয়ার-টেবিল সাজিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য বড় পরিসরে খাবারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা।
গত রোববার রাত ১০টার দিকে রেজাউল কবির রেজা তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে অনুষ্ঠানের প্রায় চার মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, “দীর্ঘদিন পরে আজ নিজ জেলায়। আজ ঈদের দ্বিতীয় দিন বরগুনা জেলার বেতাগী উপজেলা ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে... ধন্যবাদ তোমাদের সবাইকে।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রেজাউল কবির রেজা বলেন, “আমাদের ঈদ সেদিনই হবে, যেদিন আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে পারব। তার ভ্যানগার্ড হিসেবে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করছে।”
এছাড়াও অনুষ্ঠানে মুঠোফোনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবির ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান। তারা নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানান এবং শেখ হাসিনার পক্ষ থেকে দোয়া চান। এছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানও মুঠোফোনে বক্তব্য দেন। তিনি ৫ আগস্টের পরবর্তী সময়ে রাজপথে সক্রিয় থাকার জন্য বেতাগী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের প্রশংসা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আমিন ও সাধারণ সম্পাদক সিফাত শিকদারের নেতৃত্বে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে বিভিন্ন নেতাকর্মীদের সম্মাননা ক্রেস্টও প্রদান করা হয়।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এমন প্রকাশ্য কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি নিষিদ্ধ সংগঠন দীর্ঘ সময় ধরে প্যান্ডেল সাজিয়ে অনুষ্ঠান করল, এটি প্রশাসনের চরম ব্যর্থতা। বিষয়টি আমরা দলীয়ভাবে খতিয়ে দেখব।”
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল আহমেদ বলেন, “ছাত্রলীগের কোনো অনুষ্ঠান হওয়ার খবর আমাদের জানা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিও ছড়িয়েছে, তা সম্ভবত কোনো পুরোনো ভিডিও হতে পারে।”
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered