প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 20, 2026 ইং
বরগুনায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ সহায়তা পেল ১৬৫ পরিবার

স্টাফ রিপোর্টার, বরগুনা: বরগুনার আমতলী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১৬৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
গত বুধবার বিকেলে আমতলী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরগুনা-১ আসনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় সংসদ সদস্য মাওলানা মো. মাহমুদুল হাসান অলি উল্লাহর মাধ্যমে এ অর্থ আমতলীসহ তিনটি উপজেলায় বিতরণ করা হচ্ছে। এর অংশ হিসেবে আমতলী উপজেলায় ১৬৫টি পরিবারের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী, সাধারণ সম্পাদক গাজী বায়েজিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ইউএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সংসদ সদস্য মাওলানা মো. মাহমুদুল হাসান অলি উল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে বাছাইকৃত উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন