প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 19, 2026 ইং
বরগুনায় সৌদির সঙ্গে মিল রেখে ১৫ গ্রামে ঈদ উদযাপনের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, বরগুনা: প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনা জেলার অন্তত ১৫টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার এসব এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে, বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হাতেমপুর এবং বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামে ঈদের জামাত আয়োজন করা হয়েছে।
এছাড়াও বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা ও লাকুরতলা, বেতাগী উপজেলার লক্ষ্মীপুরা, কাজিরাবাদ ও বকুলতলা, বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া, আমতলী উপজেলার গোজখালী এবং তালতলী উপজেলার নিদ্রা, আলিরবন্দর, পাজরাভাঙ্গা ও নিউপাড়া গ্রামসহ জেলার অন্তত ১৫টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসব এলাকার সহস্রাধিক পরিবার দীর্ঘদিন ধরে সৌদি আরবে রমজানের চাঁদ দেখার ভিত্তিতে রোজা পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করে থাকেন।
স্থানীয়রা জানান, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে তারা রোজা শুরু করেন এবং একই হিসাব অনুযায়ী ঈদের নামাজ ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। প্রতি বছরই জেলার কয়েকটি গ্রামে এই প্রথা অনুসরণ করে আগাম ঈদ উদযাপন করা হয়।
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন