প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 17, 2026 ইং
ঈদকে সামনে রেখে পটুয়াখালীতে র্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, পরিবহনে সরকার নির্ধারিত ভাড়া নিশ্চিত করা, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে পটুয়াখালীতে অভিযান পরিচালনা করেছে র্যাব-৮ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ মার্চ) র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়াও উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে পটুয়াখালী সদর থানাধীন সদর রোড এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পটুয়াখালী কেন্দ্রীয় বাস টার্মিনালে তদারকি করা হয়। এসময় পরিবহনে সরকার নির্ধারিত ভাড়া নিশ্চিতকরণ, টিকিট কালোবাজারি প্রতিরোধ, যাত্রীদের হয়রানি বন্ধ, বাস কাউন্টারে নির্ধারিত ভাড়া তালিকা প্রদর্শন এবং অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা নিয়ন্ত্রণে নজরদারি করা হয়।
এছাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকার বিষয়েও তদারকি করা হয়। এসময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সচেতন ও সতর্ক করার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
র্যাব সূত্রে জানানো হয়, আসন্ন ঈদকে কেন্দ্র করে অজ্ঞান পার্টি, মলম পার্টি, চোর চক্র ও টিকিট কালোবাজারি প্রতিরোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
র্যাব-৮ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered