প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 17, 2026 ইং
সংসদে কাগজ দেখে বক্তব্য দেওয়া এলাউড নয়: স্পিকার

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় কাগজ দেখে পড়ে বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সংসদে কাগজ দেখে বক্তব্য পড়া এলাউড নয়; সদস্যদের তা পরিহার করে সরাসরি বক্তব্য দেওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত।
গত রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনের দ্বিতীয় দিনে বরগুনা-১ আসনের ইসলামী আন্দোলনের নির্বাচিত সংসদ সদস্য মো. অলিউল্লাহকে উদ্দেশ করে স্পিকার এ কথা বলেন।
অধিবেশন চলাকালে ওই সংসদ সদস্য বক্তব্য দেওয়ার সময় কাগজ দেখে পড়ছিলেন। এ সময় স্পিকার তাকে লক্ষ্য করে বলেন, “আপনি এবং আপনার পূর্ববর্তী বক্তা কাগজ দেখে দেখে বক্তব্য পড়েছেন, সংসদে এটি এলাউড নয়।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতে কাগজ না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করুন। এটি সংসদের একটি রেওয়াজ এবং আমাদের সবারই তা মান্য করা উচিত। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাকে এ বিষয়ে অবহিত করছি।”
স্পিকারের এমন মন্তব্যের পর অধিবেশন কক্ষে উপস্থিত সদস্যদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সংসদীয় রীতি অনুযায়ী অনেক সময় সদস্যরা নোট দেখতে পারেন, তবে সরাসরি কাগজ দেখে কন্টিনিউয়াসলি পুরো বক্তব্য পড়ে শোনানোর বিষয়টি বিরল।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered