প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 16, 2026 ইং
বরগুনায় জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার, বরগুনা: বরগুনা জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ও অগ্রাধিকারমূলক প্রচার কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বরগুনা সদর উপজেলার পোটকাখালী আশ্রায়ণ প্রকল্প এলাকায় এ নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ভিডিও কলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে উপস্থিত নারীদের অবহিত করেন এবং এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলার তথ্য অফিসার সেলিম মাহমুদ।
সমাবেশে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীর জন্য গাড়ি সুবিধা, মাদকদ্রব্য প্রতিরোধ, গুজব প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে উপস্থিত নারীদের জন্য সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়, যাতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও সামাজিক সচেতনতার বিষয়গুলো তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered