প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 15, 2026 ইং
ঢাকার খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে বরগুনার ২ শ্রমিকসহ মোট ৩জন নিহত

ঢাকা, ১৫ মার্চ ২০২৬ (রোববার): ঢাকার খিলক্ষেতের খাপাড়া এলাকায় একটি ক্রেন ওভারহেড বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজনের বাড়ি বরগুনা জেলায়।
নিহতরা হলেন— বরগুনা সদরের ফুলঝুরি গ্রামের মোঃ রাজিব হোসেন (২৫), বরগুনা সদরের বাসুকি গ্রামের রাজ্জাক মিয়া (৫৭) এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাচোর গ্রামের ফরিদ জামান (৬৪)।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল জব্বার জানান, রোববার বিকেল ৪টার দিকে ডেসকো মাটির নিচে বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ করছিল। এ সময় একটি ক্রেন দিয়ে ট্রাক থেকে বৈদ্যুতিক তার নামানোর সময় ক্রেনটি পাশের ওভারহেড বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে পাঁচজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।
গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডেসকোর প্রধান প্রকৌশলী মঞ্জুরুল হক জানান, গত এক মাস ধরে ডেসকোর আউটসোর্সিং (সাব-কন্ট্রাক্টর) কোম্পানির কর্মীরা, ওই এলাকায় মাটির নিচে বৈদ্যুতিক তার বসানোর কাজ করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকরা একটি ক্রেন ব্যবহার করে ট্রাক থেকে তার খালাস করছিলেন। এ সময় ক্রেনটি ওভারহেড বিদ্যুৎ লাইনে স্পর্শ করলে পাঁচজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered