প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 15, 2026 ইং
বেতাগীতে সেবাশ্রম মন্দিরে চুরির ঘটনায় ভক্তদের মাঝে ক্ষোভ!

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগী পৌর শহরে অবস্থিত বাংলাদেশ সেবাশ্রমের নাট মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এতে মন্দিরের পিতলের তৈরি রাধাকৃষ্ণ মূর্তিসহ বেশ কিছু মূল্যবান ধর্মীয় সামগ্রী ও নগদ অর্থ চুরি হয়েছে। ঘটনায় ভক্ত ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডে গার্লস স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বাংলাদেশ সেবাশ্রম বেতাগী শাখার নাট মন্দিরে গত শনিবার (১৪ মার্চ) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।
রোববার (১৫ মার্চ) সকালে মন্দিরের পুরোহিত পূজা দিতে এসে দেখতে পান, মন্দিরের তালা ভাঙা এবং পিতলের তৈরি প্রায় এক ফুট উচ্চতাবিশিষ্ট রাধাকৃষ্ণ মূর্তি, ঘণ্টা, কাসার ঘটিসহ পূজার বিভিন্ন সামগ্রী চুরি হয়ে গেছে। একই সঙ্গে দানবাক্স ভেঙে ভেতরে থাকা নগদ অর্থও নিয়ে যায় চোরেরা।
মন্দিরের সেবাইত লক্ষ্মী রানী জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে মন্দির বন্ধ করে সবাই চলে যান। গভীর রাতে দুর্বৃত্তরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দানবাক্সে থাকা নগদ অর্থ এবং মন্দিরে ব্যবহৃত মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষসহ এলাকাবাসী মন্দিরে ভিড় করেন। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সেবাশ্রম মন্দির কমিটির সভাপতি অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মনোরঞ্জন বড়াল বলেন, “সেবাশ্রমে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। চুরি হওয়া মালামাল দ্রুত উদ্ধার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
সেবাশ্রমের সাধারণ সম্পাদক স্বপন কুমার ঢালী বলেন, এই ঘটনার পর মন্দির এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন সেবাশ্রমের সদস্য, সেবাইত ও স্থানীয় ভক্তরা।
খবর পেয়ে বেতাগী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চোর শনাক্ত করতে আশপাশের এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered