প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 15, 2026 ইং
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বরগুনায় ক্যাবের র্যালি ও প্রতিবাদ সভা

সোহাগ হাওলাদার, বরগুনা: বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরগুনায় র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরগুনা জেলা শাখার উদ্যোগে বরগুনা প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাব চত্বরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় ক্যাব বরগুনা জেলা শাখার সভাপতি জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার দাস। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তব্যে অ্যাডভোকেট সঞ্জীব কুমার দাস বলেন, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মজুতদারির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং বাজার ব্যবস্থাপনায় নিয়মিত তদারকি জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে জাকির হোসেন মিরাজ বলেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও কৃত্রিম সংকট সৃষ্টির কারণে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়ছেন। তিনি বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এসময় ক্যাবের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered