প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
বরগুনায় ফসলি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহারের অভিযোগ!

স্টাফ রিপোর্টার, বরগুনা: বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত এসব ইটভাটা অপসারণ এবং মাটি কাটা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মেসার্স সুলতান এন্টারপ্রাইজ নামে একটি ইটভাটা পরিচালিত হচ্ছে। ভাটাটির লাইসেন্স নম্বর ০১/২০২০ এবং এটি জিক-জ্যাগ পদ্ধতিতে পরিচালিত হয়। ইটভাটাটির মালিক মো. সুলতান হাওলাদারের কাছ থেকে আমতলীর আরেক ইটভাটা মালিক নূরউদ্দিন ভাড়ায় ভাটাটি পরিচালনা করছেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, আশপাশের ফসলি জমি থেকে নিয়মিত মাটি কেটে ট্রাকে করে ইটভাটায় নেওয়া হচ্ছে। এতে জমির উর্বরতা কমে যাওয়ার পাশাপাশি কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তারা বলেন, প্রশাসন মাঝে মাঝে অভিযান চালিয়ে জরিমানা করলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। জরিমানা দিয়েই আবার আগের মতো মাটি কাটা শুরু করেন ইটভাটার মালিকরা।
স্থানীয়দের ভাষ্য, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কৃষিজমি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এবং কৃষকরা চাষাবাদে বড় সংকটে পড়বেন।
তবে ইটভাটার মালিকদের দাবি, ইট তৈরির জন্য প্রয়োজনীয় মাটি সংগ্রহ করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাদের ভাষ্য, “মাটি না পেলে ইটভাটা চালানো সম্ভব নয়। তাহলে আমরা মাটি কোথা থেকে পাবো?”
স্থানীয়রা জানান, এ ধরনের চিত্র শুধু একটি ইটভাটায় নয়, বরং বরগুনার বেশিরভাগ ইটভাটাতেই একইভাবে ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered