প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 12, 2026 ইং
রাস্তায় কুড়িয়ে পাওয়া জাকাতের ১ লাখ ২৩ হাজার টাকা ফেরত: সততার দৃষ্টান্ত স্থাপন করলেন ১ যুবক

বরগুনা প্রতিনিধি: বরগুনায় রাস্তায় কুড়িয়ে পাওয়া ১ লাখ ২৩ হাজার টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মো. বশির উদ্দিন নামের এক কাঁচামাল ব্যবসায়ী।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বরগুনা শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকায় যথাযথ প্রমাণের ভিত্তিতে টাকার প্রকৃত মালিক বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. খলিলুর রহমানের হাতে ওই অর্থ তুলে দেওয়া হয়।
জানা গেছে, গত বুধবার (১১ মার্চ) সকালে বরগুনা পৌর শহরের সদর রোড দিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি সোনাখালী যাচ্ছিলেন কাঁচাবাজারের আড়তদার বশির উদ্দিন। স্টেডিয়াম এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি খাম পড়ে থাকতে দেখেন তিনি। খামটি খুলে ভেতরে বিপুল পরিমাণ টাকা দেখতে পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। কিন্তু মালিকের সন্ধান না পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে মাইকিংয়ের ব্যবস্থা করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করেন।
পরে মাইকিং শুনে বশির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. খলিলুর রহমান। তিনি যথাযথ প্রমাণ দেখালে তার হাতে টাকাগুলো তুলে দেওয়া হয়।
হারানো টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক খলিলুর রহমান। তিনি জানান, জাকাতের উদ্দেশ্যে গরু কেনার জন্য আলাদা একটি খামে টাকাগুলো রেখেছিলেন। অসাবধানতাবশত প্যান্টের পকেট থেকে খামটি রাস্তায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন তিনি।
তিনি বলেন, “নগদ টাকা পেয়ে লোভ সামলানো সত্যিই বড় ঈমানের পরিচয়। বশির উদ্দিনের সততা প্রশংসনীয়। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন।”
এ সময় উপস্থিত অ্যাডভোকেট ফয়সাল বলেন, “টাকার লোভ অনেক সময় মানুষকে ভুল পথে নিয়ে যায়। কিন্তু বশির উদ্দিন সততার পরিচয় দিয়ে প্রকৃত মালিককে খুঁজে বের করে টাকা ফেরত দিয়েছেন, যা সত্যিই প্রশংসনীয়।”
ব্যবসায়ী বশির উদ্দিন বলেন, “রাস্তায় পড়ে থাকা একটি খামের মধ্যে টাকা পেয়ে প্রথমে প্রায় দুই ঘণ্টা আশপাশে খোঁজাখুঁজি করি। মালিককে না পেয়ে মাইকিং এবং ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানাই। পরে প্রকৃত মালিক প্রমাণসহ যোগাযোগ করলে তার টাকাগুলো বুঝিয়ে দিই।”
স্থানীয়রা বলেন, বর্তমান সময়ে এমন সততার দৃষ্টান্ত সমাজের জন্য অনুকরণীয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered