প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 11, 2026 ইং
ঢাকার মোহাম্মদপুর এলাকার ‘কিলার গ্রুপ’-এর সদস্য মোল্লা কাউসার পটুয়াখালী থেকে গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার মোহাম্মদপুর এলাকার কথিত ‘কিলার গ্রুপ’-এর সদস্য এবং হত্যা চেষ্টা মামলার আসামি মোল্লা কাউসার (২৫) কে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-২ মোহাম্মদপুরের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সন্ধ্যায় পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোল্লা কাউসার পটুয়াখালীর বড় বিঘাই এলাকার কেউয়াবুনিয়া গ্রামের শানু প্রকাশ মামুন মৃধার ছেলে। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় বসবাস করতেন।
র্যাব জানায়, অভিযুক্তরা মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসার একটি স্পট নিয়ন্ত্রণ করত বলে অভিযোগ রয়েছে। স্থানীয় এক ব্যক্তি ও তার বন্ধুরা ওই এলাকায় মাদক বিক্রি বন্ধ করে দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মোহাম্মদপুরের বসিলা রোড এলাকায় সংঘবদ্ধভাবে বাদী ও তার বন্ধুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তারা গুরুতরভাবে আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়।
র্যাব আরও জানায়, ঘটনার পর থেকেই তারা ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্তরা বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকার চেষ্টা করলেও র্যাবের গোয়েন্দা তৎপরতায় তাদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোল্লা কাউসারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন