প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 9, 2026 ইং
বরগুনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ!

বরগুনা প্রতিনিধি: বরগুনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে তিন মাস মেয়াদি বিভিন্ন প্রশিক্ষণ কোর্স পরিচালনায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজীব নামের এক প্রশিক্ষণার্থী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, গরু-পশু, হাঁস-মুরগি পালন, মৎস্যচাষ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণে প্রতিদিন ৫০ জন প্রশিক্ষণার্থীর ক্লাস হওয়ার কথা থাকলেও সরেজমিনে উপস্থিতি পাওয়া গেছে মাত্র ৭ জনের।
প্রশিক্ষণার্থীদের অভিযোগ, আবাসিক হোস্টেলে থাকা ও খাবারের জন্য প্রতিদিন প্রতি প্রশিক্ষণার্থীর নামে ১৫০ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে সেখানে নিয়মিত অবস্থান করছেন মাত্র ৪ থেকে ৫ জন। খাবার গ্রহণ করছেন ১০ থেকে ১২ জন। তবে বাকি প্রশিক্ষণার্থীদের নামেও সার্টিফিকেট প্রদানের কথা বলে এক মাসের ভাতার স্বাক্ষর নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ আরও রয়েছে, প্রশিক্ষণ কেন্দ্রের উপ-প্রধান কামরুল হাসান উপস্থিতির শিট দেখাতে অনিচ্ছা প্রকাশ করেন। এছাড়া কোর্স শুরু হওয়ার তারিখ ১ জানুয়ারি উল্লেখ থাকলেও কার্যক্রম শুরু হয়েছে ৫ জানুয়ারি থেকে। নির্বাচনের সরকারি ছুটি থাকা সত্ত্বেও প্রশিক্ষণার্থীদের চার দিন আগেই বাড়ি পাঠানো হয়েছে। কিন্তু খাবারের ভাতার স্বাক্ষর নেওয়া হয়েছে ১ জানুয়ারি থেকেই, যা প্রকৃত উপস্থিতির সঙ্গে মিলছে না।
প্রশিক্ষণার্থীরা আরও জানান, রমজান মাসে আবাসিক হোস্টেলে দেওয়া ইফতারের মান অত্যন্ত নিম্নমানের। পাশাপাশি আউটসোর্সিং কর্মীরা প্রশিক্ষণার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় যুবকদের সুযোগ না দিয়ে দূর-দূরান্ত থেকে প্রশিক্ষণার্থী এনে কোর্স পরিচালনা করা হচ্ছে বলেও দাবি করেন তারা।
এ বিষয়ে বরগুনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা মনে করছেন, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা সম্ভব হবে।
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন