প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 26, 2026 ইং
জনসচেতনতায় বরগুনায় জেলা তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ

বরগুনা জেলা প্রতিনিধি: সামাজিক সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে বরগুনায় জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরগুনা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরগুনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এসএম সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরগুনার উপপরিচালক মো. হামিমুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. মহসিন ফরাজী।
সমাবেশে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের গুরুত্ব, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, গুজব ও অপতথ্য প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয় রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, গুজব ও অপতথ্য সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করে। তাই কোনো তথ্য যাচাই না করে প্রচার করা থেকে বিরত থাকতে হবে। সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্যের সত্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। তারা আরও বলেন, বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা, বৃক্ষরোপণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, নারী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটির আয়োজন, সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিল জেলা তথ্য অফিস, বরগুনা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered