প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 26, 2026 ইং
বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী

বরগুনা জেলা প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ - প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬)- সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, খামারি, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি (এমপি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান, জেলা জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট নূরুল আমিন, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল নাহার তামান্না এবং জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার -
জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ ও পুষ্টিকর আমিষের উৎপাদন বৃদ্ধি, খামারিদের স্বাবলম্বী করা এবং আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। এ খাতকে আরও আধুনিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী করতে সরকারি- বেসরকারি উদ্যোগ জোরদার করতে হবে। পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। আলোচনা সভায় জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, পাবলিক প্রসিকিউটর, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে এ খাতের অবদান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered