প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 26, 2026 ইং
যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি

ওয়েস্টমিনস্টারে সংসদীয় কার্যক্রম ও আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে অভিজ্ঞতা বিনিময়
ঢাকা, ২৬ নভেম্বর ২০২৬: যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৭ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সফরকালে যুক্তরাজ্যের ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় কমিটির ভূমিকা এবং সংসদ সদস্যদের জবাবদিহি বিষয়ে বিভিন্ন পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। যুক্তরাজ্যের হাউস অব কমন্স ও হাউস অব লর্ডসের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সংসদীয় কার্যপ্রণালি, সংসদীয় নজরদারি, কমিটির কার্যকারিতা, সংসদীয় নৈতিকতা, বিশেষাধিকার ও আচরণবিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া সংসদীয় প্রশ্ন, প্রস্তাব, জরুরি বক্তব্য, পয়েন্ট অব অর্ডার এবং আইন প্রণয়নের বিভিন্ন পর্যায়ে বিল যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নিয়েও মতবিনিময় করেন তিনি। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব স্টিফেন টুইগের সঙ্গে বৈঠক। এ সময় বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সিপিএর চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা, সংসদীয় সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের সম্পৃক্ততা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সংসদীয় কার্যক্রমে কার্যকারিতা, স্বচ্ছতা ও জবাবদিহি জোরদারে এ ধরনের আন্তর্জাতিক অভিজ্ঞতা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বরগুনা-২ আসনের একজন জনপ্রতিনিধি হিসেবে চিফ হুইপ নূরুল ইসলাম মনির এ আন্তর্জাতিক সফর সংসদীয় কূটনীতি ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered