প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2026 ইং
বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন

অলিউল্লাহ্ ইমরান, বরগুনা জেলা প্রতিনিধি: শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানি, পরিচ্ছন্নতা ও মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বরগুনার আলহাজ্ব আব্দুল করিম হাওলাদার মডেল হাই স্কুলে চারটি নিরাপদ খাবার পানির স্টেশন, দুটি হ্যান্ডওয়াশিং স্টেশন ও একটি হাইজিন কর্নার স্থাপন করেছে ব্র্যাক। গত বুধবার (২৫ নভেম্বর ২০২৬)- দুপুর ১টায় এসব স্থাপনার উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার। উদ্বোধন শেষে বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নিরাপদ পানির পাশাপাশি স্বাস্থ্যসম্মত হাত ধোয়ার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্র্যাকের এ উদ্যোগ শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। তবে এসব স্থাপনার যথাযথ ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। পানির অপচয় রোধেও সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। ব্র্যাকের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা যেতে পারে। এ কাজে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি। অনুষ্ঠানে ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. তুহিন আলম, জেলা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, টেকনিক্যাল অফিসার মো. নুরুল আনোয়ার, কর্মসূচি সংগঠক মো. নুরুল আলম ও অরুণ কুমার দাস উপস্থিত ছিলেন। এ ছাড়া সাংবাদিক অলিউল্লাহ্ ইমরান ও জাহিদুল ইসলাম মেহেদী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আবু জাফর, নির্বাহী পরিচালক ইসরাত জাহান নিপা, শিক্ষক এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের নিরাপদ পানি পান, নিয়মিত হাত ধোয়া এবং মাসিককালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থাপনাগুলো নিয়মিত ব্যবহার ও সংরক্ষণের মাধ্যমে দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করার আহ্বান জানান।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered