প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2026 ইং
আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আমতলী প্রতিনিধি: ঘূর্ণিঝড়, ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সক্ষমতা বাড়াতে বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে সিপিপি (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং সিপিপির সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। চাওড়া ইউনিয়ন টিম লিডার বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিপির সহকারী পরিচালক (আমতলী, তালতলী ও কলাপাড়া) মো. আসাদউজ্জামান খাঁন। বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা টিম লিডার মো. আব্দুল ওহাব হাওলাদার। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো. শহিদুল ইসলাম (কলাপাড়া)।
প্রশিক্ষণে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ মোকাবিলায় প্রাথমিক প্রস্তুতি, প্রাথমিক চিকিৎসা, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, নেতৃত্ব এবং মাঠপর্যায়ে দল পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থী ও জেলেদের দুর্যোগ সচেতনতা এবং নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চাওড়া ইউনিয়নের দুটি কেন্দ্রে ৪০ জন স্বেচ্ছাসেবককে নিয়ে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ পরিচালিত হবে। দুর্যোগের সময় জানমাল রক্ষায় স্বেচ্ছাসেবকরাই মাঠপর্যায়ের প্রথম সাড়াদানকারী। তাই তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered