প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2026 ইং
বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৫ নভেম্বর ২০২৬)- জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় বরগুনা পুলিশ লাইন্স মাঠে সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা। প্যারেড শেষে তিনি অস্ত্রাগার, যানবাহন শাখা ও রেশন স্টোর পরিদর্শন করেন।
সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে পুলিশ সুপার তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন। এ সময় তিনি পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। পাশাপাশি গত মাসে মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ ও ক্লুলেস মামলা উদ্ঘাটন এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারসহ ভালো পারফরম্যান্সের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের অর্থ পুরস্কার প্রদান করেন। দুপুর দেড়টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় অক্টোবর মাসে দায়ের হওয়া মামলাগুলোর পৃথকভাবে পর্যালোচনা করা হয়। এ সময় মামলা তদন্তের মান উন্নয়ন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং পুলিশি সেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সুপার। সভাগুলোতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান, খন্দকার আশফাকুজ্জামান- বিপিএম, শাহেদ আহমেদ চৌধুরী, ইশতিয়াক আহমেদ পিপিএমসহ বিভিন্ন সার্কেল, থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, কোর্ট, ট্রাফিক ও পুলিশ লাইন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered