প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2026 ইং
সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব

তালতলী প্রতিনিধি: সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। সূর্যোদয়ের আগেই শত শত নারী-পুরুষ পুণ্যার্থী সৈকতে সমবেত হন। ব্রহ্ম মুহূর্তে সূর্যদেবকে প্রণাম, উলুধ্বনি ও ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে তাঁরা সাগরে পুণ্যস্নান করেন। এ সময় মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গঙ্গাদেবীর উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন এবং প্রয়াত স্বজনদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। রাস উৎসব উপলক্ষে সৈকতে ধর্মীয় অনুষ্ঠান, কীর্তন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শত শত পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো সৈকত। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের মানুষও উৎসবে অংশ নেন।এর আগে গতকাল রাতে তালতলী শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে কীর্তন ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাস উৎসব কমিটির সভাপতি রতন বিশ্বাস জানান, এবারও শত শত ধর্মপ্রাণ নারী-পুরুষ শুভ সন্ধ্যা সৈকতে পুণ্যস্নানে অংশ নিয়েছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উৎসবটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় এবারের রাস উৎসব।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered