প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2026 ইং
আমতলীর আঠারোগাছিয়ায় ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে সন্তান হারা মায়ের আর্তনাদ

মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি: ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করে কান্নায় ভেঙে পড়েছেন সন্তান হারা মা উম্মে কুলসুম। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি ছেলে হত্যার সকল খুনিদের গ্রেফতার, বিচার ও ফাঁসির দাবি জানান। উম্মে কুলসুম জানান, তিনি বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফের মা। তার স্বামী মৃত আবুল কালাম মুন্সি। বাড়ি চাউলা বাজার, ৩ নম্বর ওয়ার্ড, আঠারগাছিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১০/০৪/২০১৮ তারিখে চাউলা বাজারে বসে রাতের আঁধারে কুপিয়ে তার কলিজার টুকরা ছেলে আবু ইউসুফকে একদল আওয়ামী সন্ত্রাসী নৃশংসভাবে হত্যা করে। তার অভিযোগ, এই হত্যার মাস্টারমাইন্ড মো. মোশাররফ হোসেন হিরু। যিনি মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি ও আমতলী থানার জিডি নং ১৬৫, তারিখ- ০৫/১১/২০১৩ইং এর ১ নম্বর অভিযুক্ত। এছাড়াও নিজাম তালুকদার, জাফর হাং, মনির, রফিক, খোকন, সেন্টু, মিজানুর, রিপন, রুবেল, লিয়ন গাজী, সহিদুলসহ আরও অনেকে ওই খুনের মামলার আসামি। তিনি বলেন, হত্যার ৮ বছর পেরিয়ে গেলেও আমি আমার ছেলের খুনিদের বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরেও তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার আমলে কোনো বিচার পাই নাই। তাই আমি উপস্থিত সাংবাদিক ও মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আমার ছেলে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। খুনিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসি চাই। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এই সন্তান হারা মায়ের আর্তনাদ ও বিচারের দাবি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও দেশবাসীর নিকট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন কাউকে আমার মতো সন্তানহারা হয়ে বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরতে না হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমতলী পৌর বিএনপি'র সাবেক আহবায়ক ও যুবদলের সভাপতি মো. কবির উদ্দিন ফকির। আঠারোগাছিয়া ইউনিয়নের সাবেক সভাপতি মো. ফারুক হোসেন মৃধা।সাবেক সদস্য সচিব ডা: মো. জসিম উদ্দিন ও সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. নজরুল ইসলাম সহ সাংবাদিক বৃন্দ।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered