প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 23, 2026 ইং
বরগুনায় অনুষ্ঠিত হলো খতমে নবুওয়াত মহাসম্মেলন–২০২৬

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে বরগুনায় মহাসম্মেলন করেছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের নেতাকর্মীরা। সম্মেলনে বক্তারা মুসলিমদের ধর্মীয় বিশ্বাস ও আকিদা সংরক্ষণের কথা উল্লেখ করে এ বিষয়ে সরকারের কাছে স্পষ্ট অবস্থান ও আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
গত সোমবার বিকেলে বরগুনা সদর উপজেলার আবুল হোসেন ঈদগাহ ময়দানে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের বরগুনা জেলা শাখার উদ্যোগে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল করিম খানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এবং বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। এ ছাড়া সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাসেম আশরাফী, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতী মো. কামাল উদ্দীন মাসরুর এবং অর্থ সম্পাদক মাওলানা মো. নেয়ামত উল্লাহসহ অন্যান্য নেতারা। সম্মেলনে বক্তারা বলেন, হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী এবং তাঁর পরে আর কোনো নবী আসবেন না—এ বিশ্বাস ইসলামের অন্যতম মৌলিক আকিদা। তাঁদের অভিযোগ, কাদিয়ানীদের ধর্মীয় দাবি ও কর্মকাণ্ড এই মৌলিক বিশ্বাসের পরিপন্থী। বক্তারা আরও বলেন, মুসলিম সমাজের ধর্মীয় বিশ্বাস ও আকিদা সংরক্ষণ এবং কথিত ধর্মীয় বিভ্রান্তি দূর করতে এ বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এ সময় তাঁরা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সম্মেলনে বক্তারা দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশে কাদিয়ানীদের অমুসলিম হিসেবে ঘোষণা করা হয়েছে। তাঁদের বক্তব্য, বাংলাদেশেও একই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered