প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 23, 2026 ইং
পাথরঘাটায় দুর্যোগ মোকাবিলায় ৯০ সদস্যের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা

উদ্ধার ও জরুরি সাড়াদানে প্রশিক্ষণ, দেওয়া হলো প্রয়োজনীয় সরঞ্জাম-
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি ও প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে ইউনিয়ন ইমার্জেন্সি রেসপন্স গ্রুপের সদস্যদের নিয়ে সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৩ নভেম্বর) উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব ও সংকল্প ট্রাস্টের পঞ্চম তলায় পৃথকভাবে ব্র্যাকের ক্ষুদ্রঋণ ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পাথরঘাটা সদর, চরদুয়ানী ও কালমেঘা ইউনিয়নের ৯০ জন সদস্য অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন। এ সময় ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় দুর্যোগের সময় উদ্ধার, অনুসন্ধান, ত্রাণ বিতরণ, জনসচেতনতা সৃষ্টি এবং দ্রুত সাড়াদান কার্যক্রমে সদস্যদের দায়িত্ব ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকরা জানান, দুর্যোগের আগে, চলাকালে ও পরবর্তী সময়ে স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখবেন গ্রুপের সদস্যরা। এতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো ও দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা সহজ হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered