প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2026 ইং
ডেঙ্গুতে প্রাণ গেল পাথরঘাটা বিএনপির সাবেক নেতা রেজাউল করিম বাদশার

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা (৫০)। গত শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেজাউল করিম বাদশাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পাথরঘাটা উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে বরগুনা জেলা ও পাথরঘাটা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বরগুনা ও পাথরঘাটার হাজারো মানুষ অংশ নেন। মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রেজাউল করিম বাদশার মৃত্যুতে পাথরঘাটার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered