প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2026 ইং
এলজিইডির ক্রিম্প-ক্রিলিক প্রকল্প পর্যালোচনায় কেএফডব্লিউর রিভিউ মিশন শুরু

ঢাকা প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন ক্রিম্প ও ক্রিলিক প্রকল্পের কার্যক্রম এবং অগ্রগতি পর্যালোচনায় জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা কেএফডব্লিউর রিভিউ মিশন শুরু হয়েছে। গত রবিবার (২২ নভেম্বর) সকালে মিশন দলের সদস্যরা ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেন। পরে ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম্প) প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। কেএফডব্লিউর পোর্টফোলিও ম্যানেজার জোহানেস হ্যাংগস্টের নেতৃত্বে মিশনে রয়েছেন প্রিন্সিপাল টেকনিক্যাল এক্সপার্ট পিটার রোনি এবং পোর্টফোলিও কোঅর্ডিনেটর (আরবান ডেভেলপমেন্ট) এস কে তৌহিদুর রহমান। দুপুরে এলজিইডি কার্যালয়ে মিশনের উদ্বোধনী (কিক-অফ) সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবীর এবং ক্রিলিকের পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী সালমা শহীদ। সভায় ক্রিম্পের প্রকল্প পরিচালক মো. আবদুল খালেক বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপনের মাধ্যমে প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরেন। এ সময় ক্রিম্প-ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, ডিএমএস কনসালট্যান্টের টিম লিডার, ডেপুটি টিম লিডারসহ বিভিন্ন পর্যায়ের পরামর্শকেরা উপস্থিত ছিলেন। মিশনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, পরবর্তী সময়ে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং জার্মান দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে ক্রিলিকের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন মিশন সদস্যরা। এ পর্যালোচনার মাধ্যমে ক্রিম্প ও ক্রিলিক প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, কার্যক্রমের কার্যকারিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত মূল্যায়নের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered