প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2026 ইং
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বরগুনায় টানা বর্ষণ, ঝুঁকিতে ৬০ কিলোমিটার বেড়িবাঁধ

বরগুনা প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বরগুনায় তিন দিন ধরে টানা বৃষ্টিপাত ও দমকা হাওয়া অব্যাহত রয়েছে। এতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। একই সঙ্গে জেলার প্রায় ৬০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকির মুখে পড়ায় উপকূলীয় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হলেও শনিবার ও রবিবার সকাল থেকে জেলাজুড়ে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। একটানা বৃষ্টি ও দমকা হাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে কৃষক, জেলে, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি দুর্ভোগে পড়েছেন। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পায়রাসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। টানা দুই দিনের ভারী বৃষ্টিতে বরগুনা জেলা শহরের বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাজারগুলোতেও ক্রেতাদের উপস্থিতি কমে গেছে। টানা বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী জানান, ঘূর্ণিঝড়ের সতর্কতা জারির পর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ এড়াতে ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এতে জেলেরা মাছ ধরতে না পারায় আর্থিক সংকটে পড়েছেন। দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকলে ট্রলার মালিকদের জ্বালানি, শ্রমিকের মজুরি ও অন্যান্য ব্যয় বহন করা কঠিন হয়ে পড়বে। এদিকে টানা বর্ষণে জেলার প্রায় ৬০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বাঁধসংলগ্ন এলাকার হাজার হাজার মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ভারী বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি বাড়লে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, নিচু জমিতে পানি জমে থাকায় শীতকালীন সবজি ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, বাঁধের ভাঙন রোধে তিনটি প্রকল্প অনুমোদন হয়েছে। টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে।
বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপকূলীয় এলাকার আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।
টানা বর্ষণ অব্যাহত থাকলে জনদুর্ভোগ আরও বাড়ার পাশাপাশি কৃষি, মৎস্য ও উপকূলীয় জনপদে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered