প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 21, 2026 ইং
তালতলীতে দেড় মাসেই বেহাল দেড় কোটি টাকার বেড়িবাঁধ, ঝুঁকিতে ১৫ গ্রামের মানুষ

তালতলী প্রতিনিধি: নদীভাঙন থেকে জনপদ রক্ষায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মাণ ও সংস্কার করা হয়েছিল বেড়িবাঁধ। কিন্তু কাজ শেষ হওয়ার দেড় মাসের মধ্যেই বাঁধের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল ও ধস। পায়রা নদীর তীর রক্ষায় ফেলা মাটিভর্তি জিও ব্যাগও ধসে পড়ছে নদীগর্ভে। এতে যেকোনো সময় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিতে রয়েছেন বরগুনার তালতলী উপজেলার অন্তত ১৫ গ্রামের হাজারো মানুষ। উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অনিয়ম ও সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার কারণে অল্প সময়ের মধ্যেই বাঁধটির এমন বেহাল দশা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কিছু কর্মকর্তার যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো দায়সারাভাবে কাজ করেছে বলেও অভিযোগ তাদের। পাউবো সূত্রে জানা গেছে, তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় পাঁচটি প্যাকেজের আওতায় মোট ৫৯০ মিটার বেড়িবাঁধ সংস্কার ও জিও ব্যাগ ফেলার কাজ করা হয়। প্রকল্পটির চুক্তিমূল্য ছিল ১ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার টাকা। চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান—মেসার্স পপুলার কনস্ট্রাকশন, মেসার্স আরএস কনস্ট্রাকশন, মেসার্স সোহেল এন্টারপ্রাইজ ও মেসার্স মনি ট্রেডার্স কাজগুলো বাস্তবায়ন করে। গত ২১ সেপ্টেম্বর প্রকল্পের কাজ শেষ হয় ---
তবে কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই প্রকল্পের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। সরেজমিনে দেখা যায়, সংস্কার করা বাঁধ ও নদীতীরে ফেলা জিও ব্যাগের প্রায় ৩০০ মিটার অংশ ধসে নদীগর্ভে চলে যাচ্ছে। অন্যদিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ২০০ মিটার অংশে সৃষ্টি হয়েছে বড় বড় ফাটল। কোথাও কোথাও মাটি সরে গিয়ে বাঁধের ভেতরের অংশ বেরিয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘বাঁধ নির্মাণের সময় থেকেই কাজের মান নিয়ে আমাদের আপত্তি ছিল। নদীর তীর থেকে মাটি কেটে বাঁধ তৈরি করা হয়েছে। এখন অল্প সময়ের মধ্যেই বাঁধে ফাটল ধরেছে, জিও ব্যাগ নদীতে চলে যাচ্ছে। জোয়ারের পানি বাড়লে আমাদের ঘরবাড়ি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।’ স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণের সময় ভেকু দিয়ে বাঁধসংলগ্ন নদীর তীর থেকে মাটি কেটে ব্যবহার করা হয়েছে। এ ছাড়া জিও ব্যাগে নিয়ম অনুযায়ী পর্যাপ্ত বালু ভরাট করার কথা থাকলেও অনেক ব্যাগে নামমাত্র বালু ও মাটি দিয়ে নদীতে ফেলা হয়েছে। কাজ চলাকালেই এসব অনিয়মের প্রতিবাদ জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের অভিযোগ আমলে নেয়নি বলে দাবি করেন তারা। বাঁধটির বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে আসন্ন জোয়ার, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা ঘিরে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে নদীর ঢেউ ও পানির চাপে বাঁধের আরও বড় অংশ ধসে যেতে পারে। বাঁধটি ভেঙে গেলে নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া, বড় অঙ্কুজান, নলবুনিয়া ও আগাপাড়াসহ অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে হাজারো মানুষের বসতবাড়ি, আমন ধানের ক্ষেত, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। হুমকির মুখে পড়বে এলাকার মানুষের জীবন-জীবিকা ও কৃষিনির্ভর অর্থনীতি। শুধু তালতলী নয়, বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নদীতীরবর্তী জনপদেও বেড়িবাঁধ নিয়ে দীর্ঘদিনের সংকট রয়েছে। আজগরকাঠি, মাঝেরচর, জিনতলা, পদ্মা, রুহিতার, পালের বালিয়াতলী ও আগাপদ্মাসহ বিভিন্ন গ্রামের মানুষ বন্যা ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় আতঙ্কে দিন কাটান। এসব এলাকায় নদীভাঙনে বহু বসতভিটা ও ফসলি জমি বিলীন হয়েছে। বিশেষ করে আজগরকাঠি এলাকায় নদীভাঙনের শিকার হয়ে অনেক পরিবার বসতভিটা হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের নামে সরকারি অর্থ ব্যয় হলেও অনেক ক্ষেত্রে কাজের মান নিয়ে প্রশ্ন থেকে যায়। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে টেকসই প্রতিরোধব্যবস্থা গড়ে উঠছে না। তালতলীর সদ্য সংস্কার করা বাঁধের বর্তমান পরিস্থিতি তাদের সেই আশঙ্কাকেই আরও জোরালো করেছে।
এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান বলেন, ‘কাজের সময় বেড়িবাঁধ থেকে নদী বেশ দূরে ছিল। সামুদ্রিক নিম্নচাপজনিত উত্তাল নদীর ঢেউয়ের আঘাতে যাতে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত না হয়, সে জন্য বাঁধের ঢাল জিও ব্যাগ দিয়ে আচ্ছাদিত করা হয়েছিল।’ তিনি আরও বলেন, বর্তমানে ওই স্থানে নদীর তলদেশে ভাঙন শুরু হয়েছে। ভাঙন রোধে জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলা প্রয়োজন। কিন্তু এ কাজের জন্য প্রয়োজনীয় বাজেট নেই। ওই এলাকায় সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে টেকসই তীর সংরক্ষণের জন্য প্রকল্প প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন ও প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে স্থায়ী সমাধান সম্ভব হবে। এ ছাড়া নলটোনা ইউনিয়নের বেড়িবাঁধ নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের জন্যও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
উপকূলবাসীর দাবি, দুর্যোগের পর ত্রাণ কিংবা বাঁধ ক্ষতিগ্রস্ত হলে সাময়িক মেরামত নয়, প্রয়োজন দুর্যোগের আগেই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা। তালতলীর সদ্য সংস্কার করা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের পাশাপাশি প্রকল্পের কাজের মান, ব্যয় ও বাস্তবায়নপ্রক্রিয়া নিয়ে নিরপেক্ষ কারিগরি ও আর্থিক নিরীক্ষা প্রয়োজন। একই সঙ্গে নলটোনার দীর্ঘদিনের অরক্ষিত জনপদে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যথায় সরকারি অর্থ ব্যয়ের পরও নদীভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকি থেকে মুক্তি মিলবে না উপকূলের মানুষের।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered