প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 21, 2026 ইং
বরগুনায় চারদিনের বৃষ্টি, পাথরঘাটায় জনজীবনে দুর্ভোগ

পাথরঘাটা প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় গত চারদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৩৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার দুপুর ১টার মধ্যে দেশের ১২টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে টানা বৃষ্টি ও শীতে পাথরঘাটায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। বৃষ্টির কারণে কাজ না পেয়ে আয়হীন দিন কাটাচ্ছেন টমটম ও অটোচালকরা। পাশাপাশি জমিতে আধাপাকা আমন ধান চিটা হয়ে যাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। শীতকালীন সবজি চাষিরাও ফসলের ক্ষতির আশঙ্কা করছেন। কাকচিড়ার টমটমচালক ফোরকান ও অটোচালক নাদিম মিয়া জানান, টানা বৃষ্টিতে যানবাহন নিয়ে বের হলেও যাত্রী ও কাজের অভাবে আয় হচ্ছে না। অন্যদিকে গুদিঘাটা গ্রামের কৃষক ছরোয়ার হোসেন বলেন, এলাকার অধিকাংশ জমির ধান এখনো আধাপাকা। বৃষ্টি অব্যাহত থাকলে ধান চিটা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে টানা বৃষ্টি ও শীতের কারণে বরগুনার পাথরঘাটায় শ্রমজীবী মানুষের জীবিকা এবং কৃষি উৎপাদন নিয়ে উদ্বেগ বাড়ছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered