প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 21, 2026 ইং
পাথরঘাটায় বিচারকের বাসায় চুরির চেষ্টা, আটক ২

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখের সরকারি বাসভবনে চুরির চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজন পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের অভ্যন্তরে বিচারকের সরকারি বাসভবনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বাদশাহ, খায়রুল ও রায়হান নামে তিন ব্যক্তি বাসভবনের প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তাঁরা সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। এ সময় বাদশাহকে আটক করা হয়। পরে পুলিশের অভিযানে খায়রুল আটক হলেও রায়হান পালিয়ে যান। ঘটনার সময় বিচারক দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন এবং তাঁর স্ত্রী বাসার ভেতরে অবস্থান করছিলেন। সন্দেহজনক গতিবিধি দেখে বিচারকের স্ত্রী তাঁকে বিষয়টি জানান। পরে বিচারক পুলিশকে খবর দেন। পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আদালতের জিআরও আব্দুস সালাম এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered