প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2026 ইং
বরগুনায় পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন

বরগুনা জেলা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের অংশ হিসেবে বরগুনায় প্রথম দিনের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বরগুনা জেলা পুলিশ লাইন্স মাঠে নিয়োগ বোর্ডের সদস্যদের উপস্থিতিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা। নিয়োগ কার্যক্রমে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রার্থীদের শারীরিক যোগ্যতা পরিমাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় পুলিশ সুপার প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানান। পাশাপাশি দালাল ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে। প্রার্থীদের মেধা, যোগ্যতা ও নির্ধারিত শর্তের ভিত্তিতেই চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। এ ক্ষেত্রে নিয়োগ বোর্ডের সদস্যদের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি। এ সময় নিয়োগ বোর্ডের প্রতিনিধিসহ বরগুনা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে যোগ্য প্রার্থী নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম দিনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় পরবর্তী ধাপের জন্য প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered