প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2026 ইং
বরগুনায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বরগুনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. মোস্তফা শাহরিয়ার খান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নান্না (৩০), জাফর (২৮) ও কবির (৩০)। আদালত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৮ জানুয়ারি রাতে বান্ধবীর বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ওই স্কুলছাত্রীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন তিন যুবক। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে দুজন পালিয়ে যান এবং একজনকে আটক করা হয়। পরদিন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়। রায়ে জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা সিপু রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered