
বরগুনা জেলা প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির তেমন কোনো প্রভাব পড়েনি বরগুনায়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ও মিছিলের চেষ্টা ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জেলা শহরসহ বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও মানুষের দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক ছিল। কোথাও বড় ধরনের সড়ক অবরোধ বা জনদুর্ভোগের ঘটনা ঘটেনি। তবে কর্মসূচিকে কেন্দ্র করে আগের রাতে জেলার তিন উপজেলায় পাঁচটি ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর, মশাল মিছিল ও সড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত সন্দেহে জেলার বিভিন্ন স্থান থেকে ৩০ জনকে আটক করেছে পুলিশ। নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনজীবন স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহিন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নৈরাজ্যবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় ছিলেন। সব মিলিয়ে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উদ্বেগ থাকলেও বরগুনায় জনজীবনে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ ও স্বাভাবিক।