প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2026 ইং
বরগুনায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

আসল নোট চেনার কৌশল ও নিরাপত্তা বৈশিষ্ট্য হাতে- কলমে প্রদর্শন
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় জালনোটের প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার পরিচালক এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার যুগ্ম পরিচালক মো. জাহিদুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাছনাইন পারভেজ। কর্মশালায় বক্তারা বলেন, জালনোটের প্রচলন রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। আসল ও জাল নোটের পার্থক্য সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় অনেক সময় সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। তাই নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে হবে। কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য, নকশা ও সুরক্ষাব্যবস্থা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি আসল নোট চেনার বিভিন্ন কৌশল হাতে-কলমে দেখানো হয়। এতে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা জালনোট প্রতিরোধে সম্মিলিত সচেতনতা গড়ে তোলা এবং সন্দেহজনক নোট লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered