প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2026 ইং
রাজবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে আমতলীর দুই ব্যবসায়ীর ১১ গরু লুট

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে অস্ত্রের মুখে দুই গরু ব্যবসায়ীকে জিম্মি করে ১১টি গরু, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে ডাকাত দল। ডাকাতির শিকার দুই ব্যবসায়ীর বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। লুট হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা।
গত সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আফড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন, আমতলী উপজেলার গাজীপুর এলাকার মিনহাজ গাজীর ছেলে হেলাল গাজী ও মোখলেছ মৃধার ছেলে ইলিয়াছ মৃধা।ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, তারা জয়পুরহাট থেকে গরু কিনে ট্রাকে করে বরগুনায় ফিরছিলেন। পথে আফড়া এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের ট্রাকের গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ১১টি গরু, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগীরা রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। লুট হওয়া গরু ও ট্রাক উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered