প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2026 ইং
বান্দরবান সীমান্তে বরগুনার হাসান সিহাবসহ আটক ৮

বরিশাল প্রতিনিধি: বান্দরবানের রুমায় বাংলাদেশ-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনক গতিবিধির অভিযোগে ছয় বাংলাদেশি নাগরিকসহ মোট আটজনকে আটক করেছে বিজিবি। আটক ছয় বাংলাদেশির মধ্যে রয়েছেন বরগুনা জেলার নারুলি পশ্চিমপাড়ার বাসিন্দা মো. হাসান সিহাব (২৮)।
গত রোববার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে ২৩/৩৪ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) সদস্যরা তাদের আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা ম্রো সম্প্রদায়ের দুই স্থানীয় পথপ্রদর্শককেও আটক করা হয়। বিজিবি জানায়, আটক ব্যক্তিরা গত ৫ নভেম্বর থেকে দুর্গম সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন। তাদের কাছ থেকে তাঁবু, খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা ও চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে প্রেস ব্রিফিংয়ে ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হাসান শাহরিয়ার জানান, আটক ব্যক্তিরা কেন সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন এবং কোনো সশস্ত্র সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা পুলিশের তদন্তে জানা যাবে।
আটক আটজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered