প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2026 ইং
বরগুনার উপকূলে জেঁকে বসেছে শীত, রাতে তাপমাত্রা কমে ১৮ ডিগ্রি

বরগুনা প্রতিনিধি: কার্তিকের শেষ সপ্তাহে বরগুনা-পটুয়াখালীসহ দেশের উপকূলীয় অঞ্চলে জেঁকে বসেছে শীত। গত তিন-চার দিন ধরে রাতের শেষভাগ থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ।
সরেজমিনে দেখা গেছে, বরগুনার বেতাগী পৌর শহরে ভোর থেকেই কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট। শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন রিকশাচালক, দিনমজুর, কৃষক ও জেলেরা। নদীতে কুয়াশার কারণে মাছ ধরার নৌযান চলাচলেও তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা। অন্যদিকে ফুটপাতের দোকানগুলোতে বেড়েছে গরম চা-কফির চাহিদা। স্বাস্থ্যসংশ্লিষ্টরা জানিয়েছেন, শীতের কারণে শিশু ও বয়স্কদের সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ছে। বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তরের শুষ্ক ও ঠাণ্ডা বাতাসের প্রভাবে তাপমাত্রা কমছে। শনিবার রাতে বরিশালের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়্যিদ আমারুল্লাহ শিশুদের ঠাণ্ডাজনিত অসুস্থতা থেকে রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, শিশুদের ঠাণ্ডাজনিত সমস্যা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। অসুস্থতা বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered