প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2026 ইং
বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে টমটমের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

বামনা প্রতিনিধি: বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে ইট-বালুবাহী টমটমের চাকায় পিষ্ট হয়ে আসমা বেগম (৩৫) নামে এক স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ডৌয়াতলা বাজারসংলগ্ন হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সামনে বামনা-পাথরঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসমা বেগম বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর গুদিঘাটা গ্রামের মন্নান হাওলাদারের মেয়ে। তিনি ডৌয়াতলা এলাকার গাজী প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ছোট মেয়েকে কোলে নিয়ে সড়ক পার হচ্ছিলেন আসমা বেগম। এ সময় দ্রুতগতিতে আসা ইট-বালুবাহী একটি টমটম তাঁকে ধাক্কা দিলে মেয়েসহ সড়কে ছিটকে পড়েন তিনি। এ সময় মেয়েকে রক্ষা করতে গিয়ে টমটমের চাকায় পিষ্ট হন আসমা। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মর্মান্তিক এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত টমটমটির চাকায় আগুন ধরিয়ে দেন। পরে চালক মো. জাহিদকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে আটক করে এবং নিহত শিক্ষিকার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টমটমচালককে আটক ও মরদেহ উদ্ধার করেছে। নিহত আসমা স্কুলশিক্ষক হওয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা সড়কে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে এ ঘটনায় মামলা গ্রহণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered