প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 15, 2026 ইং
আমতলীতে সরকারি সেবা নিশ্চিত করতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত | দৈনিক শেষকথা

আমতলী প্রতিনিধি: সরকারি সেবায় নাগরিকের অধিকার নিশ্চিত করা, জনবান্ধব বাজেট প্রণয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি সহজ করার লক্ষ্যে বরগুনার আমতলীতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘নাগরিক প্রকল্প’-এর আওতায় কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি) এ সংলাপের আয়োজন করে। আড়পাঙ্গাশিয়া নাগরিক কমিটির সভাপতি মাযারুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রাসেল। সঞ্চালনা করেন সিবিডিপির প্রোগ্রাম ম্যানেজার রিয়াজুল ইসলাম। সংলাপে স্বাস্থ্যসেবা, বয়স্ক ও বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সুবর্ণ নাগরিক কার্ড এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবা পেতে সাধারণ মানুষের ভোগান্তি ও প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরা হয়। বক্তারা বলেন, সরকারি সেবা প্রাপ্তিতে স্বচ্ছতা, জবাবদিহি ও সমতা নিশ্চিত করতে হবে। প্রকৃত সুবিধাভোগীরা যাতে হয়রানি ছাড়াই সেবা পান, সে জন্য আবেদনপ্রক্রিয়া সহজ করা এবং তৃণমূল পর্যায়ে সেবার তথ্য প্রচার বাড়াতে হবে। এ ছাড়া স্থানীয় বাজেট ও উন্নয়ন পরিকল্পনায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ, নারীর নেতৃত্ব বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মানবাধিকারভিত্তিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সংলাপে স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক কমিটির নেতৃবৃন্দ, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered