প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 15, 2026 ইং
বরগুনাসহ উপকূলীয় উন্নয়নে নদীভাঙন, জলাবদ্ধতা ও জলোচ্ছ্বাস বিবেচনার আহ্বান চিফ হুইপের

ঢাকা প্রতিনিধি: উপকূলীয় এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য ও স্থানীয় মানুষের প্রয়োজন বিবেচনায় উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি (এমপি) -
গত রোববার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বরিশাল বিভাগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। চীফ হুইপ বলেন, সরকারি অর্থ জনগণের অর্থ। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় সাশ্রয়, কাজের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। শুধু প্রকল্পের কাজ শেষ করলেই হবে না, এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বরগুনার মতো উপকূলীয় এলাকার উন্নয়ন চাহিদা নির্ধারণে সরেজমিন পরিদর্শন জরুরি। নদীভাঙন, জলাবদ্ধতা, জোয়ার-ভাটা, যোগাযোগব্যবস্থা ও প্রাকৃতিক দুর্যোগের বিষয় বিবেচনায় নিয়ে প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কোনো প্রতিবন্ধকতা থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় সহযোগিতা নেওয়ার পাশাপাশি প্রকল্প পরিচালক, প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি। মতবিনিময় সভায় বরিশাল বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, কাজের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা এবং বাস্তবায়নগত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। প্রকল্প পরিচালকেরাও নিজ নিজ প্রকল্পের অগ্রগতি ও সমস্যাগুলো তুলে ধরেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered