প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 15, 2026 ইং
সরকারি অর্থের জবাবদিহি নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান চিফ হুইপের

ঢাকা প্রতিনিধি: জাতীয় উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সরকারি অর্থের যথাযথ ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি(এমপি)। তিনি বলেন, শুধু বাজেট বরাদ্দ ও সরকারি ব্যয়ের হিসাব রাখলেই হবে না, বরাদ্দকৃত অর্থের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। এ জন্য সংসদীয় তদারকি জোরদার করা জরুরি।
গত রোববার জাতীয় সংসদ ভবনে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পরিবীক্ষণ ও সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক অবহিতকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, দারিদ্র্য বিমোচন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণের সুদ মওকুফ ও কৃষক কার্ড চালুসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব উদ্যোগের সুফল নিশ্চিত করতে সরকারি অর্থ ব্যয়ের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে। তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পে নিম্নমানের কাজ ও অর্থের অপচয় বন্ধে কার্যকর নজরদারি প্রয়োজন। দুর্নীতির দায় শুধু রাজনীতিবিদদের ওপর চাপিয়ে দিলে হবে না; সরকারি অর্থ ব্যয় ও প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজ।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered