প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 14, 2026 ইং
বরগুনায় নলী মুসলিম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা উদ্বোধন | দৈনিক শেষকথা

বরগুনা জেলা প্রতিনিধি: শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং সৃজনশীল মেধা ও উদ্ভাবনী প্রতিভা বিকাশের লক্ষ্যে বরগুনা সদর উপজেলার নলী মুসলিম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা, বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি জান্নাতুল মারিয়াম মীম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান। বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প ও উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরে।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মোল্লা বলেন, ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন তেমন দৃশ্যমান উন্নয়ন হয়নি। তবে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প দেখে তিনি মুগ্ধ হয়েছেন। বিদ্যালয়ের উন্নয়নে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় জেলা পরিষদের পক্ষ থেকে বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণ ও ভবন মেরামতের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি।
আয়োজকরা জানান, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার পাশাপাশি উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered