প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2026 ইং
আমতলীতে ছাগল চুরির মামলা, পাল্টা মামলায় কারাভোগ! মুক্তির পর কৃষককে ফুলেল সংবর্ধনা

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে ছাগল চুরির অভিযোগকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলা ও পাল্টাপাল্টি মামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রেপ্তার হয়ে দুই দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ৫৫ বছর বয়সী কৃষক পাশা মোল্লা। গত বুধবার সন্ধ্যায় বরগুনা জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন তিনি। পরে রাতে আমতলীর হলদিয়া বাজারে স্থানীয় শতাধিক মানুষ তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করেন। পাশা মোল্লার অভিযোগ, গত ১৬ অক্টোবর রাতে তাঁর গোয়ালঘর থেকে একটি ছাগল চুরি হয়। এ ঘটনায় চার যুবকের বিরুদ্ধে প্রথমে থানায় অভিযোগ এবং পরে আদালতে মামলা করেন তিনি। তাঁর দাবি, আদালত চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এরপর গত ৭ নভেম্বর সকালে গোয়ালঘরে মহিষকে খাবার দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়। এতে আহত হয়ে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন বলে জানান। এ ঘটনার পরদিন তাঁর বিরুদ্ধে মারধর, যৌন হয়রানি ও হত্যাচেষ্টার অভিযোগে পাল্টা মামলা করেন আনোয়ার মোল্লা। ওই মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। দুই দিন কারাভোগের পর বুধবার জামিনে মুক্তি পান পাশা মোল্লা। জামিনে মুক্তির পর তাঁকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয়রা। এ ঘটনায় দুই পক্ষের অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered