প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2026 ইং
আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড নিক্ষেপের হুমকি!

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলা তুলে না নেওয়ায় আফরোজা খানম পারুল নামে এক নারীকে এসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জসিম হাওলাদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী নারী। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে পারুল জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ৮ নভেম্বর জসিম হাওলাদারকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি। এরপর থেকেই মামলা তুলে নিতে চাপ ও এসিড নিক্ষেপের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর। তবে অভিযোগ অস্বীকার করে জসিম হাওলাদার বলেন, তিনি জমিতে ঘর নির্মাণ করেছেন, কিন্তু কাউকে এসিড নিক্ষেপ বা হত্যার হুমকি দেননি। উল্টো তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। এসিড নিক্ষেপ করে হত্যার হুমকির বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered