প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2026 ইং
বরগুনায় কৃষক সমাবেশ: ২২ হাজার ৫০০ কৃষক পাবেন বিনামূল্যে বীজ ও সার

বরগুনা প্রতিনিধি: বরগুনার উপকূলীয় এলাকায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী ব্লকের ঘটখালী গ্রামে আয়োজিত এ সমাবেশে ১৫০ জন কৃষকসহ বরগুনা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সরেজমিন উইংয়ের উপপরিচালক (বীজ ও অন্যান্য উপকরণ) ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী এবং বরগুনার উপপরিচালক এস.এম. বদরুল আলম। আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ। সমাবেশে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের মাটি ও আবহাওয়ার উপযোগী ফসলের আবাদ বাড়াতে হবে। বিশেষ করে সূর্যমুখী চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা। এ লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বরগুনা জেলার ২২ হাজার ৫০০ কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered