প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2026 ইং
যৌতুকের দাবিতে নির্যাতন: তালতলীর সাবেক পুলিশ কর্মকর্তা রফিকুলের ৫ বছরের কারাদণ্ড!

তালতলী প্রতিনিধি: ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার তালতলী থানার সাবেক পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রফিকুল ইসলাম ও মামলার বাদী তার স্ত্রী তানিয়া আফরিন আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে তানিয়া আফরিনের সঙ্গে রফিকুল ইসলামের বিয়ে হয়। অভিযোগ অনুযায়ী, বিয়ের আগে ও পরে শ্বশুরবাড়ি থেকে মোট ১৮ লাখ টাকা যৌতুক নেন তিনি। পরবর্তীতে ২০২০ সালের ১০ ডিসেম্বর আরও ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। একই বছরের ২৫ ডিসেম্বর শ্বশুরবাড়িতে গিয়ে আবারও স্ত্রীকে মারধর করেন তিনি। পরে আহত অবস্থায় তানিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২০২১ সালের ১০ জানুয়ারি তানিয়া আফরিন সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রফিকুল ইসলামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(খ) ধারায় পাঁচ বছর এবং ১১(গ) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। দুটি সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে মোট পাঁচ বছর কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী তানিয়া আফরিন বলেন, এ রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হলেও অপরাধ করলে আইনের আওতায় আসতে হয়। উচ্চ আদালতেও রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট আলমগীর আশরাফ বলেন, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered