প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2026 ইং
আমতলীতে ইয়াবা সেবনের দায়ে দু'জনের এক বছর কারাদণ্ড

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে ইয়াবা সেবনের দায়ে মো. ইব্রাহিম মোল্লা (২৫) ও সুমন চন্দ্র দাস (৩৫) নামে দুই ব্যক্তিকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত সোমবার (৯ নভেম্বর) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান সংক্ষিপ্ত বিচার শেষে এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, রোববার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানা-পুলিশ উপজেলার পচাকোড়ালিয়া বাজারে অভিযান চালায়। এ সময় চান্দুখালী এলাকার সুমন চন্দ্র দাসের সেলুনের পেছনের একটি কক্ষ থেকে ইয়াবা সেবনরত অবস্থায় দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অভিযানে তাঁদের কাছ থেকে এক পিস ইয়াবা এবং মাদক সেবনের কাজে ব্যবহৃত দুটি গ্যাস লাইট, একটি পাইপ ও বোতলের ঢাকনা জব্দ করা হয়। পরে তাঁদের আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আবু বকর মোল্লা রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের এ রায় মাদকসেবীদের জন্য একটি কঠোর বার্তা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered