প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2026 ইং
বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ!

হাফিজ খাঁন, বরগুনা থেকে: বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের লাঙ্গলকাটা এলাকায় জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে নূপুর বেগম (৫০) নামে এক বিধবা নারীকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং তাঁর চার মাস বয়সী গরুর বাছুরকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে বরগুনা সদর থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নূপুর বেগম। অভিযোগে একই এলাকার জামাল খান, তাঁর স্ত্রী আকলিনা বেগম ও রাজ্জাক মহুরীকে অভিযুক্ত করা হয়েছে। লিখিত অভিযোগে নূপুর বেগম দাবি করেন, স্বামীর মৃত্যুর পর থেকে তাঁকে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা ও বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। গত ৯ নভেম্বর দুপুরে অভিযুক্তদের দেওয়া ঘাসের মধ্যে তাঁর পালিত বাছুরটি গেলে সেটিকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয় বলেও অভিযোগ করেন তিনি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান পাননি বলে দাবি নূপুর বেগমের। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহযোগিতা কামনা করেছেন তিনি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered