প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2026 ইং
বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক

বরগুনা প্রতিনিধি: বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ, ওয়াশ ব্লক ও পানির ট্যাংক স্থাপন করেছে পূবালী ব্যাংক পিএলসি। ব্যাংকটির কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিল থেকে এসব স্থাপনা নির্মাণ ও সরঞ্জাম স্থাপনে ব্যয় করা হয়েছে ২ লাখ ২১ হাজার টাকা। গত সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে স্থাপিত এসব পানির অবকাঠামোর উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার ব্যবস্থাপক এমরান হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে ছিল গভীর নলকূপটি। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের সুপেয় পানি সংগ্রহ করতে ভোগান্তিতে পড়তে হতো। এ সংকট নিরসনে পূবালী ব্যাংকের সিএসআর তহবিল থেকে হাসপাতাল প্রাঙ্গণে গভীর নলকূপ, ওয়াশ ব্লক, পানির ট্যাংক ও বৈদ্যুতিক মোটর স্থাপন করা হয়েছে। এতে হাসপাতালের রোগী ও সেবাগ্রহীতাদের পানির সংকট অনেকটাই দূর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাসকিয়া সিদ্দিকি, বরগুনা সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী দোলা মল্লিক, পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার অপারেশন ম্যানেজার দীপক চন্দ্র বালা প্রমুখ। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাসকিয়া সিদ্দিকিন বলেন, হাসপাতালের গভীর নলকূপটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে ছিল। ফলে হাসপাতালে আসা রোগী ও তাঁদের স্বজনদের খাবার পানি সংগ্রহ করতে কষ্ট হতো। পূবালী ব্যাংক কর্তৃপক্ষ গভীর নলকূপ স্থাপনের পাশাপাশি ওয়াশ ব্লক নির্মাণ করায় এখন পানির সংকট দূর হবে বলে আশা করছি।
পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার ব্যবস্থাপক এমরান হোসেন বলেন, পূবালী ব্যাংকের সিএসআর তহবিল থেকে সারা দেশে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে বরগুনা জেনারেল হাসপাতালে সুপেয় পানির সংকট মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে আরও বিভিন্ন সেবামূলক কাজ করার পরিকল্পনা রয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered