প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2026 ইং
আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন

আমতলী প্রতিনিধি: শিক্ষার্থীদের আধুনিক, দক্ষ ও আত্মবিশ্বাসী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বরগুনার আমতলী উপজেলায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার (০৯ নভেম্বর ২০২৬)- বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার এসব শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন করা প্রতিষ্ঠানগুলো হলো— কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আমতলী সরকারি আরমান খোরশেদ মডেল পাইলট হাইস্কুল এবং মফিজ উদ্দিন বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এর মধ্যে কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও মফিজ উদ্দিন বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে 'ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব' উদ্বোধন করা হয়। অন্যদিকে কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং আমতলী সরকারি আরমান খোরশেদ মডেল পাইলট হাইস্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগে দাখিলকৃত তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রচলিত পাঠদানের পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ইংরেজি ভাষায় পারদর্শিতা অর্জনের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, বিশ্লেষণী ক্ষমতা ও আত্মবিশ্বাস থাকা অত্যন্ত জরুরি। ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব শিক্ষার্থীদের এসব দক্ষতা বিকাশে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর ফলে শিক্ষার্থীরা আধুনিক ও ডিজিটাল শিক্ষার সুযোগ পাবে এবং পাঠদান আরও আকর্ষণীয় ও কার্যকর হবে। প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে এসব উদ্যোগ নতুন মাত্রা যোগ করবে। অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, ভাষা চর্চা, বিতর্ক ও প্রযুক্তিনির্ভর পাঠদানের সমন্বয় শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তা, সৃজনশীলতা এবং নেতৃত্বের সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমতলীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন স্থানীয় শিক্ষার পরিবেশকে আরও আধুনিক ও গতিশীল করার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered